জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে ইতিহাস গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার। ৩৬৭ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিলেন তিনি। সামনে ছিল ব্রায়ান লারার ৪০০ রানের বিশ্বরেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। কিন্তু বিরতি শেষে সবাইকে চমকে দিয়ে ইনিংস ঘোষণা করে বসেন মুল্ডার। ফলে হাতছাড়া হয় রেকর্ডের সম্ভাবনা, আর তার এই সিদ্ধান্তে হতবাক হয়ে গেছেন ক্রিকেটবিশ্ব।
মুল্ডারের এমন সিদ্ধান্তে হতাশ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল। তিনি বলেন, ‘সোজা কথা, ও ভয় পেয়ে বোকার মতো ভুল করেছে। আমি জানি না ও কেন আর খেলতে চায়নি। ও বিশ্বরেকর্ড করত কি না জানি না। কিন্তু ৩৬৭ রানে ডিক্লেয়ার করে ও জানিয়েছে, লারাকে সম্মান দেখাতে এই কাজ করেছে। শোনো, জীবনে টেস্টে ৪০০ রান করার সুযোগ এক বারই আসে। আর সেটা তুমি হেলায় হারালে।’
টেস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ট্রিপল সেঞ্চুরি (৩৩৩) করা ক্রিস গেইল আরও বলেন, ‘তুমি ৩৬৭ রান করে অপরাজিত ছিলে। তোমার কাছে এত বড় একটা সুযোগ ছিল বিশ্বরেকর্ড গড়ার। যদি তুমি কিংবদন্তি হতে চাও তাহলে তো রেকর্ড গড়তেই হবে। নইলে কীভাবে তুমি কিংবদন্তি হবে?’
গেইল আরও বলেন, ‘মুল্ডার কখন আবার ট্রিপল সেঞ্চুরি করতে পারবে, সেটা ও নিজেও বলতে পারবে না। তাই সুযোগ পেলে পুরোপুরি তার সদ্ব্যবহার করা উচিত। মুল্ডার বলেছে, লারার রেকর্ড অক্ষত রাখার জন্য এটা করেছে। আমার মনে হয় ও ভয় পেয়ে গিয়েছিল। কী করবে বুঝতে না পেরেই বোকার মতো এই সিদ্ধান্ত নিয়েছে।’
